খুলনায় ভোক্তা অধিকারের কঠোর অভিযান

# ১৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৪ হাজার টাকা জরিমানা #
# জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের #
স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ খুলনার নিত্যপণ্যের বাজার ভোক্তাদের নিয়ন্ত্রনে রাখাসহ নিয়মবর্হিভূত কেনাবেচা ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা জেলার ফুলতলা থানার বেলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিবাবু ফুডকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর ফুলতলা থানার বেলতলা এলাকায় অভিযান চালিয়ে বিনয় চানাচুর কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিশ্বাস ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে গাজী ট্রেডার্স কে ৩ হাজার টাকা ও সরকার ট্রেডার্স কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর’র নেতৃত্বে সদর উপজেলার কাঠালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ঝর্না স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার ৭ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মজমপুরগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নয়ন ফল ভান্ডারকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার গোহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজয়া স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে মেসার্স সাহা ট্রেডার্স কে ১৬ হাজার টাকা, মেসার্স খাজুরা স্টোর কে ১০ হাজার টাকা এবং মেসার্স সাহা ফার্মেসি কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আল মদিনা বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা এবং বিশ্বাস বীজ ভান্ডারকে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ১৪ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিস্টরা। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার আশ^াস সংশ্লিস্টদের। এ ব্যাপার জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
