আড়ংঘাটায় কেএমপির তথ্য বাক্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবার ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। আইনি কাজে সহায়তার জন্য সর্বস্তরের কাছ থেকে তথ্য পাওয়ার লক্ষ্যে খুলনা মহানগরী এলাকায় প্রাথমিকভাবে ১৪টি স্থানে তথ্য বক্স স্থাপন করেছে। ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে খুলনা মহানগরীর আড়ংঘাটা বাজার এলাকার পুলিশ বক্সে এ তথ্য বক্স স্থাপনের উদ্বোধন করেন কেএমপির সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) গোপী কিশোর রায়। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার, দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, জামায়াত নেতা আশরাফ হোসেন, রফি, রাসেলুজ্জামান রাসেল, মহিদুল ইসলাম, আকসির হোসেন সাজু, গাজী হারুনুর রশিদ, মোঃ হান্নান মোড়ল, নারায়ন মিশ্র, মো. নুর ইসলাম, জিয়া, আলিমুল মোড়ল, জিল্লু মোড়লসহ অন্যান্য অফিসারবৃন্দসহ সর্বমহলের ব্যক্তিবর্গ । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেএমপি প্রাথমিকভাবে নগরীর বিভিন্ন স্থানে ১৪টি তথ্য বক্স স্থাপন করেছে এবং ধীরে ধীরে এটির সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি সপ্তাহে একবার এই তথ্য বক্সটি খুলে তথ্য সংগ্রহ করা হবে। সচেতন মহল, খুলনার আইন-শৃঙ্খলার উন্নতিকল্পে কেএমপির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।


