বাউল শিল্পীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদের নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ বর্তমান সময়ে কিছু বাউল শিল্পীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা, পবিত্র কুরআনুল কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। গতকাল সকালে নগরীর ডাকবাংলা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সতর্ক করে বলেন—যারা এ ধরনের বক্তব্যের পক্ষ নিয়ে ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। বক্তারা আরও বলেন, যেসব বাউল শিল্পী ধর্মীয় পবিত্র ব্যক্তিত্ব ও মূল্যবোধকে অবমাননা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। ইসলাম ও ধর্মীয় অনুভূতির মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা আহ্বান জানান।



