স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোংলায় বিদেশি জাহাজ থেকে পাচার করা কয়লাসহ ১২ চোরাকারবারী আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে লাইটার ভেসেল ভর্তি করে পাচারকালে ১ হাজার ১০০ মেট্রিকটন কয়লাসহ ১২জন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন বরিশাল এর একটি আভিযানিক দল বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে তারা এসব কয়লা পাচার করছিল। জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বন্দর ভিত্তিক চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও ওই কর্মকর্তা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button