স্থানীয় সংবাদ

দিঘলিয়ার গাজীরহাটে পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

দিঘলিয়া প্রতিনিধি ঃ গত রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে তায়েজ শেখ ও ইমদাদ শেখের নেতৃত্বে ১৫/২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিল্লাল মোল্লা গ্রুপের সুরত মোল্লার বাসভবন এবং মহিদুল মোল্লা ও ছাবিবুর রহমান মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে একজনকে মারধর করে আহত করা হয়।
পরবর্তীতে বিল্লাল মোল্লা গ্রুপের সদস্যরা একত্রিত হলে হামলাকারীরা পার্শ্ববর্তী খালের ওপারে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অতঃপর সংবাদ পেয়ে গাজীরহাট পুলিশ ক্যাম্পের ৬ সদস্যের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় তারা অতিরিক্ত সহায়তা কামনা করেন। পরবর্তীতে দিঘলিয়া থানা ওসিসহ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষ ঘটতে পারে এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হতে তায়েজ শেখ ও ইমদাদ শেখ গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানা পুলিশ ও গাজীরহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button