খুলনায় হাম সন্দেহে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামে সন্দেহভাজন ১০ মাস বয়সী মো: শামীম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাসপাতালের হাম কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হামের সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছিল। নিহত শিশু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা আরিফের ছেলে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও হাম কর্নারের ফোকাল পার্সন ডা: হোসেন জানান, “শিশুটি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। সে বুধবার সন্ধ্যায় হামের সন্দেহভাজন হিসেবে ভর্তি হয়েছিল।”
এদিকে, বৃহস্পিবার নতুন করে আরও ৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাম কর্নারে মোট ২২ জন রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে এই প্রথম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের সন্দেহে কোনো রোগীর মৃত্যু হলো। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


