খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার : অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার আড়ংঘাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সুজন সরকারকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর একটি বিশেষ আভিযানিক দল। র্যাব জানায়, গত ৯ এপ্রিল বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুজন সরকার (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে লুকানো ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
র্যাবের তথ্যমতে, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে তিনি এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গুরুতর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



