স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে হামের পরিস্থিতি জটিল হচ্ছে : ২৪ ঘন্টায় ফের দুই শিশুর মৃত্যু

# গত ২৪ ঘণ্টায় ৯০ সন্দেহজনক রোগী : মোট আক্রান্ত ১০৪৬ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ২ জেলায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে কুষ্টিয়ায় এক ও খুলনায় ১জন। এছাড়াও ১০টি জেলায় মোট ৯০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে দুইজন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০৪৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫২২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে বিভাগে মোট ৫১ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে এবং কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলাভিত্তিক পরিসংখ্যানে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৫০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ২৩৯ জন, মাগুরায় ১০৬ জন, মেহেরপুরে ৮০ জন, খুলনায় ৭৮ জন, সাতক্ষীরায় ৫২ জন, নড়াইলে ৪৪ জন, ঝিনাইদহে ৪৩ জন, বাগেরহাটে ৩৭ জন এবং চুয়াডাঙ্গায় ১৭ জন রোগী পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় খুলনা ও কুষ্টিয়া জেলায় ১ জন করে মোট ২জন শিশু মৃত্যু নিশ্চিত হয়েছে। খুলনা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মুজিবুর রহমান জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button