হরিনটানা থানায় বসতবাড়িতে পরিকল্পিত আগুন ভাংচুর ও লুটপাটের অভিযোগ

# এলাকায় উত্তেজনা ও আতঙ্ক
# কয়েক লক্ষ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার ঃ কেএমপির হরিনটানা থানাধিন হোগলাডাঙ্গা এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ভূক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পরিকল্পিতভাবে বাড়িটিতে অগ্নিসংযোগ করে। তারা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মলয়, ধীরোপদ, শংকর রায়, প্রিয় রায়, সুকান্ত ও সুশান্তদের সঙ্গে বিরোধ চলছিল।
ভুক্তভোগীদের অভিযোগসুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য থানায় একাধিকবার বৈঠকের ডাক দেওয়া হলেও অভিযুক্তরা উপস্থিত হয়নি এবং কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি।
ঘটনার রাতে অভিযুক্তরা আরও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে এসে জমিতে অবস্থানরত কেয়ারটেকার মেহেদীকে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে সরে যেতে বলে। ভয়ে মেহেদী বাইরে গিয়ে লোকজন ডাকতে শুরু করলে দুর্বৃত্তরা ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
কেয়ারটেকার মেহেদী জানান, দুর্বৃত্তরা তার বেতনের প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। অপরদিকে ভূক্তভোগী জাহিদুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা গুন্ডা-মাস্তান নিয়ে এসে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হরিনটানা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


