বাঘের ধাওয়ায় নদী সাঁতরে লোকালয়ে হরিণ, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে বাঘের ধাওয়ায় জীবন বাঁচাতে নদী সাঁতরে লোকালয়ে ছুটে আসা একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রাম থেকে ২৫ কেজি ওজনের ওই হরিণটিকে উদ্ধারের পর পুনরায় ম্যানগ্রোভ এই বনে অবমুক্ত করা হয়। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এদিন বিকেলে জানান, রবিবার সকালে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের পুকুর পাড়ে একটি চিত্রল হরিণটি আশ্রয় নেয়। স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে সুন্দরবনের ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে হরিণটি লোকজন দেখে পুকুরে লাফিয়ে পড়ে। পরে পুকুর থেকে সুস্থ অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়। ২৫ কেজি ওজনের এই চিত্রল হরিণটিকে দুপুরে বনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মোঃ আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত চিত্রল (মায়া) হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাঘ হরিণটিকে আক্রমন করতে পারেনি। দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদ স্থানে অবমুক্ত করার সময় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ মোঃ শরিফুল ইসলাম, স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু প্রাণী। হরিণের সাথে অস্বাভাবিক কিছু ঘটলে হার্ট অ্যাটাকের মারা যাওয়ার ঝুঁকি থাকে।

