খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৪ প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #
স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) ভোক্তা অধিকারের ৯ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন সংশ্লিস্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর খুলনা মহানগরীর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফ্রাইব্রোস কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার গোপালনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে রওনক বীজ ভান্ডার কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর ও মুহাম্মদপুর উপজেলার বিনোদপুর ও ধলহারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ বেকারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স আল মুসলিমকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বাদ আইসক্রিম কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পাইপপটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলামিন মেসার্স জেসকো ট্রেডার্স কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার গাংনী ও বামুন্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে মাসুম মিষ্টান্ন ভান্ডার কে ৩ হাজার টাকা এবং হায়বাত মিষ্টান্ন ভা-ার কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে হিমু স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না কররা অপরাধে ২ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে কমল সাহা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা ও দিহিহার বেকারি কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে দেবহাটা উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মনি ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার বাশগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আমিনুর স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ শত টাকা এবং মেসার্স সজল স্টোর কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিস্টরা। অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজার সমূহে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।


