মণিরামপুরে দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট!

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুরে এক দম্পতিকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ আব্দুস সালাম (৪৫) দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিজয়রামপুর স্কুলের পাশে সালামের বাড়ীর দোতলা দিয়ে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাদের অজ্ঞান করে ফেলে। এরপর দুর্বৃত্তরা দোতলায় অবস্থান নিয়ে বাড়ির সব জিনিষপত্র তছনছ করে ১০ ভরি স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংক কেটে নগদ কিছু টাকা লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সালাম দম্পতিকে ঘুমানো অবস্থায় পেয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের মধ্যে তাদের বেহাল অবস্থায় দেখতে পান। শারীরিক অবস্থা অচেতন থাকায় তাদেরকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আব্দুস সালামকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

