বাগেরহাটের ফকিরহাটে সড়কে ডাকাতি ট্রাকসহ মালামাল উদ্ধার, ২ জন গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের রাস্তায় ডাকাতি হওয়া ট্রাকসহ ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাকযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় শুক্রবার ভোর রাতে ডাকাতি হয়। এ খবর পেয়ে ভোররাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল উদ্ধার ও দুইজনকে গ্রেপতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং একই উপজেলার নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)। ফকিরহাট থানা পুলিশ জানায়. রামপাল এলাকার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান তিন পার্টনার মিলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় ক্রয় করা মালামাল বিআরটিসির একটি ভাড়ায় চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এরপর রামপাল জিরো পয়েন্ট ও সোনাতুনিয়া বাসস্ট্যান্ডে স্থানীয় জনতা তাদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকে থাকা মালামাল যাচাই-বাছাই করে দেখেন সেখানে তামা বা অবৈধ কোনো মালামাল আছে কি না। অবৈধ মালামাল না থাকায় ট্রাকটি ছেড়ে দেয়। যাচাই-বাছাই শেষে এদিন রাত ১টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দিলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক ও ট্রাকে থাকা লোকজন কে ভয়ভীতি দেখিয়ে মালামালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মালামালসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করে শুক্রবার সকালে ফকিরহাট থানায় একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



