খালিশপুরে তাঁতি দল নেতা হত্যা: প্রধান আসামি মাদক স¤্রাট ওহেদুল সাতক্ষীরায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা এবং ১০টি মামলার আসামি ওহিদুল ইসলামকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব-৬ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭ মে সোয়া ১২টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল সাতক্ষীরার কলারোয়া থানাধীন তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গত ১২ এপ্রিল কেএমপির খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতিদল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। আসামি ওহিদুলের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙা ও সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে। সে খালিশপুর এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সে বিগত আ’লীগ আমলে খালিশপুরে আলোচিত কাউট- হোয়াইট গ্রুপের সাথে চলাফেরা করতো। তাদের সকল অপকর্ম সাথে সে জড়িত ছিল। তাদের বিশাল সন্ত্রাসী বাহিনীর ওহিদুলও ছিলেন একজন ক্যাডার। আ’লীগের মিছিল মিটিং-এ সামনের সারিতে সে থাকতো। আ’লীগের কোন পদ পদবি না থাকলেও প্রতিটি মিছিল মিটিং-এ সরব উপস্থিতি ছিল তার। দলের নাম ব্যবহার করে নয়াবাটি এলাকায় মাদকের স্বর্গ রাজ্য গড়ে তোলে। ৫ আগস্টের পর ভোল পাল্টিয়ে বিএনপি কতিপয় নেতা-কর্মীদের সাথে তিনি সখ্যতা গড়ে তোলেন। ওই কথিত বিএনপি নেতাকর্মীদের সহায়তায় আবারো এলাকায় পুরোদমে মাদক ব্যবসা শুরু করেন। ওই গ্রুপের কোন কোন নেতাকে মটর সাইকেল পর্যন্ত কিনে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এই মাদক বিক্রিকে কেন্দ্র করেই খুন হয় সোনা মিয়া বলে পুলিশের একটি সূত্র জানায়



