তালায় এসিল্যান্ডের অভিযানে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ

তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন পুটিয়াখালী মৌজার সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচাালিত হয়েছে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি জমি থেকে স্থাপনা অপসারন সহ সংশ্লিষ্ট দখলকারীকে জরিমানা করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পুটিয়াখালী মৌজায় ক তফশীল ভুক্ত ১৪৯ দাগের সম্পত্তি অবৈধ দখল করে স্থানীয় নিরঞ্জন দাশ সেখানে অবকাঠামো নির্মান করেন। এঘটনার প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার (৮ মে) ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সরকারি ওই জমিতে ঘর নির্মানের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে উক্ত ০.০১ একর ক তপশীলভূক্ত জমিতে স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সরকারি আদেশ অমান্য করার কারণে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় নিরঞ্জন দাশকে জরিমানা করাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ একটি ফোর্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকারি জমির দখল বজায় রাখার স্বার্থে এধরনের অভিযান নিয়মিত চলবে বলে এসিল্যান্ড মো. রাহাত খান জানান।
