স্থানীয় সংবাদ
তালার গোপালপুর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার গোপালপুর খাল থেকে শওকত আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শওকত আলী উপজেলার ঘোনা গ্রামের ইউসুফ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গোপালপুর খালে মাছ ধরতে গিয়েছিলেন শওকত আলী। দুপুরে খালের কিনারে একটি মাছ ধরার জালের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে তালা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজনের ধারণা, জালের সাহায্যে মাছ ধরার সময় শওকত আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তালা থানা পুলিশ জানায়, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



