বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে

# নতুন প্ল্যান্ট উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি #
সাইফুল্লাহ তারেক ঃ দেশের একমাত্র সরকারি টেলিযোগাযোগ কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। গতকাল খুলনার শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত কারখানায় এ উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাম্মাৎ বিলকিস জাহান রিমি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সচিব কারখানার ভেতরে একটি নতুন প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দক্ষ হাতে কাজ করে এই নতুন প্ল্যান্টকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে হবে।
সচিব মোছাম্মাৎ বিলকিস জাহান রিমি শ্রমিকদের সমস্যার কথা সরাসরি শোনার আগ্রহ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের কানে সরাসরি সমস্যাগুলো পৌঁছালে সমাধান দ্রুত হয়। তিনি আশ্বস্ত করেন যে, কাজের গুণগত মান বজায় রাখলে শ্রমিকদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে সরকার ও পরিচালনা পর্ষদ অত্যন্ত ইতিবাচক।বক্তব্য শেষে সচিব রঙিন বেলুন উড়িয়ে আনন্দ র্যালির উদ্বোধন করেন। এ সময় ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রতিষ্ঠানের এমডি, উচ্চপদস্থ কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোঃ মোসলেম উদ্দিন, মহাব্যবস্থাপক এনামুল হক, কোম্পানির সচিব মোঃ আরিফুর রহমান, মহাব্যবস্থাপক মোঃ মোকালেছুর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।



