নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণার বিকল্প নেই : উপাচার্য

# খুবিতে আরআইসির উদ্যোগে নবীন শিক্ষকদের কর্মশালা #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর উদ্যোগে ‘রিসার্চ ফর একাডেমিকস: আর্লি ক্যারিয়ার পার্সপেক্টিভ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১মে (সোমবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ইমপ্যাক্টফুল রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে গবেষণার ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপাচার্য বলেন, নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ক্যারিয়ারের শুরু থেকেই গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নৈতিকতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ‘খুলনা ইউনিভার্সিটি স্টাডিজ’ জার্নালকে ইনডেক্সভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে শুরু থেকেই গবেষণামুখী হতে হবে। উচ্চমানের গবেষণাই একজন শিক্ষকের একাডেমিক ও পেশাগত সক্ষমতার ভিত্তি গড়ে তোলে। তাই ক্যারিয়ারের শুরুতে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নিয়মিত গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মানসিকতা তৈরি করা জরুরি। তিনি বলেন, জ্ঞানচর্চা ও নতুন ধারণা সৃষ্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে হবে। রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন আরআইসি’র যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। প্রভাষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফেরদৌসি জাহান ঐশি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ডেভেলপিং এ রিসার্চ আইডেন্টিটি এন্ড রিসার্চ এথিকস’, ‘রিসার্চ স্কিলস এন্ড মেথডোলজি’, ‘পাবলিকেশন, ডিসেমিনেশন অ্যান্ড কলাবোরেশন’ এবং ‘রিসার্চ অপরচুনিটিজ এন্ড ফান্ডিং: খুলনা ইউনিভার্সিটি এন্ড বিয়ন্ড’ বিষয়ে পৃথক চারটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং আরআইসি’র পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সেশনগুলোতে গবেষণার নৈতিকতা, গবেষণা দক্ষতা উন্নয়ন, প্রকাশনা কৌশল, গবেষণা সহযোগিতা এবং অর্থায়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং আরআইসি’র যুগ্ম পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।



