অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যা, সন্দেহভাজন যুবক চট্রগ্রাম থেকে আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকান্ড জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্রগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) চট্রগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানা হেফাজতে নেওয়া হয়। আটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকান্ড মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্রগ্রামের ডাবলমুরিং থানা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে নয়। মঙ্গলবার দুপুরে তাকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মসজিদের সামনে আনিছুর রহমান তার নির্মাণাধীন ৬তলা ভবনের (আনিছ ট্রেড ভ্যালী) ম্যানেজার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পীরবাড়ীস্ত শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ তার সহযোগি নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রধারী পূর্ব পরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শাহ মো. মাহমুদ তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আনিছুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও তার সহযোগি নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর পরিচালক ছিলেন।



