স্থানীয় সংবাদ

পাইকগাছার চাঁদখালীতে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের

# প্রধান আসামী গ্রেপ্তার #

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটুনিতে নিহত হাসান সরদার (৪০)-এর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যার আগে চাঁদখালী গরুর হাটের পাশে একটি গোলপাতার ঘরের নিকটে প্রসাব করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, কালিদাসপুর গ্রামের খালেক গাজীর ছেলে কুদ্দুস সেখানে প্রসাব করতে বসলে চাঁদখালী গ্রামের মালেক সরদারের ছেলে হাসান প্রতিবাদ করেন। এ সময় কুদ্দুস মোবাইল ফোনে কয়েকজনকে খবর দিলে মিন্টু, আজহারুল, ঘোড়া মনিরুল, জাহাঙ্গীরসহ ১৮ থেকে ২০ জনের একটি দল ঘটনাস্থলে এসে হাসানের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা হাসানকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির অবনতি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তাকে একটি নসিমনযোগে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পিতা সোমবার রাতে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০৯, তারিখ ০৯ জুন ২০২৬; ধারা-১৪৩/৩২৩/৩০২/১১৪/৩৪ দ-বিধি। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।” অপরদিকে খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হুদাকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৬। মামলা রুজুর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটরসের শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাজমুল হুদা পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button