স্থানীয় সংবাদ

আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত : কয়রায় নারীর মৃত্যু

কয়রা প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলা মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে আম খাওয়া পাঁচজনেরই পেটের সমস্যা শুরু হয়। তাদের বারবার পাতলা পায়খানা, বমি ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। আক্রান্তরা হলেনÑ তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। মৃতের ভাতিজা সাংবাদিক নিতিশ সানা জানালেন, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ডায়রিয়ায় আক্রান্ত একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে আনার পর লতিকা সানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তিনি বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। এছাড়া সংরক্ষণের সময় কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button