খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৪০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি এবং হামে মৃত্যুরও কোনো ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগের শনিবার (২০ জুন) তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ জুন ২০২৬ সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৬ হাজার ৫৮৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত বিভাগে মোট ১৫৪ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে খুলনায় ৪৩ জন এবং যশোরে ৩৪ জন। এছাড়া বাগেরহাটে ২০ জন, মাগুরায় ১৮ জন, ঝিনাইদহ ও নড়াইলে ১৬ জন করে এবং সাতক্ষীরায় ৪ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে মাগুরায় ১৫ জন। এরপর খুলনায় ১০ জন, কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, নড়াইলে ২ জন এবং সাতক্ষীরায় ১ জন রোগী শনাক্ত হয়েছেন। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর ও বাগেরহাটে নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিভাগের কোনো জেলাতেই এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।



