ভারতীয় পন্য সামগ্রীসহ তিন ভারতীয় নাগরিক যশোর পুলিশের হাতে গ্রেফতার

যশোর ব্যুরো : ভারতীয় বিভিন্ন প্রসাধনী অবৈধভাবে বাংলাদেশে আনার অভিযোগে ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার দেখিয়েছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। শনিবার ২০ জুন দুপুরে তাদেরকে যশোর বেনাপোল সড়কের যশোর শহরতলী চাঁচড়া চেকপোষ্ট দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গ,কলকাতা জেলার কলকাতা থানার ৪১/এইচ/২,ইকবালপোর লেন এলাকার আজগর আলীর ছেলে মোহাম্মদ জাফর (৩২),একই উপজেলার তৃতীয় তলা জেড-৫/১৯৫/৪৫/সি, বাগদিপাড়া রোড এলাকার মৃত সিরাজের ছেলে মোহাম্মদ এজাজ (৪০) ও একই উপজেলার ইকবালপুর থানার কলাপাতা খিদিরপুর গ্রামের মোহাম্মদ রব মিয়ার ছেলে মোহাম্মদ সাব্বির (৩৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)/বি ধারায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ীর এসআই মিজবা উদ্দিন জানান, শনিবার ২০ জুন দুুপুর ১২ টার পর গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট এলাকার দিগন্ত বাস কাউন্টারের সামনে ৩জন ব্যক্তি ভারত থেকে অবৈধভাবে পন্য চোরাচালানীর মাধ্যমে এনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে দুপুর সাড়ে ১২ টার সময় অভিযান চালায় । এ সময় উক্ত স্থানে অবস্থানরত উল্লেখিত তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী ১৫ লাখ টাকা উদ্ধার করে।



