স্থানীয় সংবাদ

বর্তমান সরকার গণআকাক্সক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ

# গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপনে ১১ দলের প্রস্ততি সভায় বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ১৪০০-এর বেশি মানুষ জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বর্তমান সরকার গণআকাক্সক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ থেকে সরে এসে জাতির সাথে প্রতারণা করেছে এবং পুনরায় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বয়কারী এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন এনসিপির মহানগরী সংগঠক আহম্মদ হামীম রাহাত, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, বিডিপির মহানগরী সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহানগরী সেক্রেটারি মুফতি ইব্রাহিম খলিল, লেবার পার্টির মহানগরী সেক্রেটারি মো. সোহেল হাওলাদার, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান, খেলাফত মজলিসের মহানগরীর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, জামায়াতে ইসলামীর মহানগরী প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, খেলাফত আন্দোলনের মহানগরী প্রচার সেক্রেটারি মো. সাকিবুল হাসান প্রমুখ। বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণহত্যাকান্ডসহ অতীতের সকল হত্যাকান্ডের বিচার কার্যক্রম প্রত্যাশিত গতি পায়নি। বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। সভায় জানানো হয়, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপনে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় খুলনা মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নগরীর নিউ মাকেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হবে। ১৫ জুলাই বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ২০ জুলাই বিকেলে নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) নারীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৩, ২৪ ও ২৫ জুলাই খুলনা মহানগরীতে চিত্র প্রদর্শনী এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাস্থল জিরো পয়েন্টে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই খুলনা মহানগরীর মসজিদগুলোতে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। ৫ আগস্ট ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নগরীর বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ১১ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button