স্থানীয় সংবাদ

সুযোগ তৈরী হলে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর ব্যুরো ঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমাতে উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার ৩ জুলাই দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানি নির্ভর। এই খাত পুরোপুরি বেসরকারি পর্যায়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে দেশের ভোক্তারা এর প্রভাব অনুভব করেছেন। তবে বৈশ্বিক বাজারে মূল্য কমতে শুরু করায় সরকারও মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবির। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button