স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৪৮ সন্দেহজনক ও ৬ নিশ্চিত হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও ৬ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহ ও মাগুরায় ৭ জন করে, বাগেরহাটে ৬ জন, নড়াইলে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং মেহেরপুরে ১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। যশোর ও সাতক্ষীরা জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।
একই সময়ে বিভাগের মধ্যে শুধুমাত্র নড়াইলে ৪ জন এবং সাতক্ষীরায় ২ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। অন্য কোনো জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৮৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৯১ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৭ হাজার ১৩৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
একই সময়ে বিভাগে ২৪৯ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বাধিক ৫৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে যশোরে। এরপর বাগেরহাটে ৪৭ জন, খুলনায় ৪৪ জন, নড়াইলে ৪১ জন, মাগুরায় ২১ জন, ঝিনাইদহে ১৭ জন, মেহেরপুরে ১০ জন, সাতক্ষীরায় ৮ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button