মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ বাঁওড় থেকে উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ নিখোঁজের দুইদিন পর মণিরামপুরের চালুয়াহাটি গ্রামের ভ্যানচালক মহাসিনের (২২) অর্ধগলিত লাশ পারখাজুরা বাঁওড় থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মহাসিন উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ভ্যানচালক মহাসিন নিখোঁজ ছিলেন বলে তার স্বজনরা জানান।
পুলিশ ও নিহতের পরিবারের ধারনা দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যান ও কাছে থাকা দ’ুটি মোবাইল ফোন ছিনতাই করে মরদেহটি বাঁওড়ের পানিতে ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকায় বাঁশঝাড়ে আটকে থাকা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, পরখাজুরা বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহারিত ভ্যানগাড়ি ও মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি। লাশটি ময়নাাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার রহস্য জানা যাবে।



