খেলাধুলা

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই সুখবর এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি তুলতে পারেনি। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ওপেনার মাইমুনা নাহার। অন্য ওপেনার অচেনা জান্নাত করেন ৬ রান। অধিনায়ক সাদিয়া ইসলাম যোগ করেন ১২ রান, আর বিবি আয়েশা ১৮ বল খেলে করেন ৭ রান। তবে মাঝের সারিতে দায়িত্বশীল ব্যাটিং করেন সাদিয়া আক্তার। তিনি ৩৪ রানে অপরাজিত থেকে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। এছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। রোজিনা আকরাম নেন দুটি উইকেট। এছাড়া আরও দুই বোলার একটি করে উইকেট পান। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু করেছিল। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন, আর কোমল খান ৩৯ বলে ২৯ রান যোগ করেন। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ, তার ব্যাট থেকে আসে ১২ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button