চীনে রোনালদোর ৭ মিটারের ভাস্কর্য : ‘সিউউ’ উদ্যাপনে মাতলেন ভক্তরা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে, তার আরেকটি প্রমাণ মিলল চীনের সাংহাইয়ে। পর্তুগিজ এই ফুটবল তারকার বিখ্যাত ‘সিউউ’ উদ্যাপনের ভঙ্গিতে তৈরি সাত মিটার উচ্চতার বিশাল এক ভাস্কর্য উন্মোচন করা হয়েছে সেখানে। শনিবার (২১ নভেম্বর) সাংহাইয়ের জনপ্রিয় ইস্ট নানজিং রোডে নতুন সিআর৭ জাদুঘরের বাইরে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পরা রোনালদোর ভাস্কর্যটি তার বিখ্যাত লাফিয়ে ঘুরে ‘সিউউ’ উদ্যাপনের আদলে তৈরি। এ উপলক্ষে সেখানে ভিড় করেন অসংখ্য ফুটবলপ্রেমী। অনুষ্ঠানে রোনালদো নিজে উপস্থিত না থাকলেও ছিলেন তার বড় ভাই হুগো আভেইরো ও ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও। সমর্থকদের সঙ্গে তারাও রোনালদোর বিখ্যাত উদ্যাপনের ভঙ্গি অনুকরণ করেন। ভাস্কর্য উন্মোচনের সময় চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমর্থকদের ‘সিউউ’ স্লোগান দিতে দেখা যায়। সাংহাইয়ে সিআর৭ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে। প্রায় ৩ হাজার বর্গমিটার আয়তনের এই জাদুঘরে রয়েছে ১০টি থিমভিত্তিক প্রদর্শনী এলাকা। রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচিহ্ন হিসেবে এখানে রাখা হয়েছে ৪০টির বেশি সামগ্রী; ট্রফি, জার্সি ও বুটসহ নানা স্মারক। এ ছাড়া পর্তুগালের মাদেইরায় রোনালদোর শৈশবের শোবার ঘরের আদলে একটি কক্ষও তৈরি করা হয়েছে। ফুটবলের মহাতারকা হয়ে ওঠার আগের জীবনের কিছুটা ধারণা পাবেন দর্শনার্থীরা। জাদুঘরে রয়েছে বিভিন্ন ইন্টার্যাকটিভ আয়োজন, যেখানে সমর্থকেরা রোনালদোর বিখ্যাত মুহূর্তগুলোর পুনরাভিনয় করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে। আর জাদুঘরটি চালু থাকার কথা এক বছর। সাংহাইয়ে রোনালদোকে ঘিরে এমন আয়োজনের মধ্যেই সৌদি আরবে হতাশার রাত কাটিয়েছেন তিনি। এর আগের দিন শুক্রবার জেদ্দায় সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোলের সূচনা করেন পর্তুগিজ ফরোয়ার্ড। সেই গোলে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ গোল দূরে তিনি। তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আল নাসরকে এগিয়ে দেওয়ার চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার শট লাগে পোস্টে। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় আল আহলি। গালেনো, ইভান টনি ও রজার ইবানিয়েসের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় দলটি। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। তার দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। সৌদি আরবে হতাশাজনক ফলের এক দিন পর হাজারো কিলোমিটার দূরের সাংহাইয়ে রোনালদোকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস আবারও দেখিয়ে দিল, মাঠের পারফরম্যান্সের বাইরেও বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা কতটা বিস্তৃত। ৪১ বছর বয়সেও ৯৮৬ গোলের মালিক এই তারকা ফুটবলার বিভিন্ন প্রজন্মের সমর্থকদের অনুপ্রাণিত করে চলেছেন।



