খুলনা বিভাগে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় নতুন ৯৭ রোগী : হাসপাতালে ভর্তি ৪০৪ জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৩ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৪৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। এ সময়ে মোট ৩৮ জন রোগী রেফার্ড হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৪ জন।
জেলা ভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। বাগেরহাটে নতুন রোগী ৯ জন, মাগুরায় ৭ জন, ঝিনাইদহে ৪ জন, নড়াইলে ৪ জন, সাতক্ষীরায় ২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছর এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৯৫৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬২ জন, বাগেরহাটে ৮৭১ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, যশোরে ৩২৯ জন, ঝিনাইদহে ৪৬ জন, মাগুরায় ৮৯ জন, নড়াইলে ১৫২ জন, কুষ্টিয়ায় ৭৫ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে।



