খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন আগামীকাল ১৮ আগস্ট

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাব প্রতি বছরের মতো এবারও খুলনা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে জাকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও মা ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত। খুলনা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণকারী ৪টি দলের টিম ওনারগণ, দলগুলোর সকল কর্মকর্তাবৃন্দ এবং সকল ক্রীড়ামোদী দর্শকদের খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে এ সময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী লড়াইয়ে ১৮ আগস্ট বিকাল ৪টায় একে অপরের মুখোমুখি হচ্ছে ‘প্রবর্তন’ ও ‘খুলনা গেজেট’ দল। এছাড়া বিকাল ৫টায় ‘সময়ের খবর’ বনাম ‘রূপালী বাংলাদেশ’ দল একে অপরের মুখোমুখি হবে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দলের মধ্যে আগামী ২৪ আগস্ট সোমবার বিকাল ৪টায় ফানইাল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



