স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার

# ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৩ ঃ মৃত্যু ১ #
# হাসপাতালে চিকিৎসাধীন ৭০৫

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা বিভাগে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের রোববার (৩০ আগস্ট) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়Ñ১১৩ জন। এ ছাড়া যশোরে ২৩ জন, মাগুরায় ১৩ জন, বাগেরহাটে ১৪ জন, কুষ্টিয়ায় ৯ জন, সাতক্ষীরায় ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ঝিনাইদহে ৬ জন, নড়াইলে ৫ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
৫ হাজার ৫৬৫ জন আক্রান্ত : মৃত্যু ২০ ঃ
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৫ হাজার ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭২৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ পর্যন্ত ডেঙ্গু মৃত্যুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, খুলনায় দুইজন এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়।
বাড়ছে উদ্বেগ ঃ
একদিনে ২৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় খুলনা বিভাগে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button