ডেঙ্গুর বিরুদ্ধে কেসিসি’র যুদ্ধ ঘোষণা

# ১ সেপ্টেম্বর থেকে মাস ব্যাপী ডেঙ্গু বিরোধী বিশেষ স্কীম শুরু #
স্টাফ রিপোর্টার ঃ ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। তারই ধারাবাহিকতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে শুরু হচ্ছে ডেঙ্গু বিরোধী অভিযান। কেসিসি এর নাম দিয়েছে “ডেঙ্গু বিরোধী বিশেষ স্কীম”। এ অভিযান চলবে ১ সেপ্টেম্বর থেকে ২২ কর্মদিবস। অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস জুড়েই। এখানে প্রতিটি ওয়ার্ডে ৫ জন করে নতুন স্প্রেম্যান নিয়োগ দেয়া হয়েছে। তাদের দিয়ে প্রতি দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন ৫ জন স্প্রে ম্যান লার্ভি সাইট (মশার ডিম ধ্বংসকারী ওষুধ) ওষুধ ড্রেনে স্প্রে করবে। ৩১টি ওয়ার্ডে মোট ১৮৬জন স্প্রে ম্যান শুক্র ও শনিবার বাদে সপ্তাহে প্রতিদিনই স্প্রে করবে। তাদের চার ঘন্টা মজুরী ধরা হয়েছে ৩৭৫ টাকা করে। তবে এর পাশাপাশি ওয়ার্ডের স্থায়ী স্প্রে ম্যান ফগার মেশিন দিয়ে এডাল্টি সাইড (উড়ন্ত মশা মারার ওষুধ) ফগিং করবে বিকালে। ইতোমধ্যে এসব জনবল অস্থায়ী ভিক্তিতে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে কেসিসির সচিব রেজা রশীদ জানান। এদের মনিটরিং করবে তিনটি জোনের সুপার ভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ৩০ ও ৩১নং ওয়ার্ডে এ অভিযান জোরালো ভাবে করা হবে বলে তিনি জানান। এদিকে গত কয়েক দিনে কেসিসির ভ্রাম্যামান আাদালত বাসাবাড়িতে ডেঙ্গু বিরোধী অভিযান চালিয়ে ২৭টি মামলার বিপরিতে ৫৪ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।



