খুলনায় শ্রমিক দল নেতাকে হাতুড়িপেটা : গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় শ্রমিক দল নেতা মো. রিপন আকন্দকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে রূপসা থানাধীন মিলকি দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন আকন্দ (৪২) খুলনা লেবার শ্রমিক ইউনিয়ন (১২১২)-এর কার্যকরী সভাপতি, খুলনা সদর থানা শ্রমিক দলের সহ-সভাপতি এবং ২১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। তিনি রূপসা এলাকার ইউসুফ আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, ৩১ আগস্ট রাত ৮টার দিকে খুলণার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির ইমরানের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল রিপন আকন্দকে ধরে নিয়ে মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই হাঁটু ও হাঁটুর নিচে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ৯+১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, গত ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে ২১ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে শ্রমিক দল নেতা রিপন আকন্দ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণের জের এবং পূর্ববিরোধের কারণে তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “শ্রমিক নেতা রিপন আকন্দকে খুলনা থেকে ধরে নিয়ে রূপসায় এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।” তিনি আরও বলেন, “যেহেতু খুলনা কেএমপি এলাকা থেকে তাকে ধরে এনে রূপসায় হামলা করা হয়েছে, সেক্ষেত্রে তিনি কেএমপির সংশ্লিষ্ট থানায় মামলা করতে পারেন, আবার আমাদের থানাতেও মামলা করতে পারেন। আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছি।” তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে।



