মোরেলগঞ্জের গাবগাছিয়ার সড়ক যেন দুর্ভোগের ফাঁদ

কাদা-পানিতে নাকাল ১০ গ্রামের মানুষ, বিপাকে শিক্ষার্থী-রোগী-কৃষক
এইচ এম শহিদুল ইসলাম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবগাছিয়া এলাকার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা এলেই সড়কজুড়ে কাদা-পানি ও অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন আশপাশের প্রায় ১০ গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় বিদ্যালয়গামী শিক্ষার্থী, রোগী ও কৃষকদের।
স্থানীয়রা জানান, বলইবুনিয়া, বুরুজবাড়িয়া, শহীদ মার্কেট, পুটিখালী, জোকা ও দৈবজ্ঞহাটিসহ বিভিন্ন এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ এটি। প্রতিদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরা এ সড়ক দিয়ে কৃষিপণ্য বাজারে নিয়ে যান। কিন্তু সড়কের বেহাল দশায় পণ্য পরিবহন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। কাদা-পানিতে ডুবে থাকা খানাখন্দে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে অনেক সময় স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগে। শিক্ষার্থীদেরও কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকায় দুটি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনের সময়ও সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। অথচ বছরের পর বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার হয়নি।
মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সড়কটির বর্তমান অবস্থার কথা তারা অবগত আছেন। সরকারি বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কার বা নির্মাণকাজের উদ্যোগ নেওয়া হবে।
তবে এলাকাবাসীর দাবি, সাময়িকভাবে মাটি বা ইট ফেলে খানাখন্দ ভরাট করে সমস্যার সমাধান হবে না। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য দ্রুত সড়কটি কার্পেটিং করে টেকসইভাবে নির্মাণ করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে। নিরাপদ সড়ক নিশ্চিত হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, রোগীর চিকিৎসা এবং ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল সহজ হবে।



