কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : হাসপাতাল সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের মালিককে ১ লাখ টাকা অর্থদ- করা হয়।
সোমবার দুপুরে উপজেলার বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় শিল্পী বেগম অপারেশন থিয়েটারেই মারা যান। কিন্তু নবজাতক বেচে যান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকটি সিলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।



