বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সাতার না জানা দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে চাচাতো বোন। আর এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে। নিহতরা হলো উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। এরা স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্বজনদের আপত্তি না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা বলেন, রবিবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলাফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের দুজনের কেউই সাঁতার জানতো না। এক প্রতিবেশি সকাল ৮ টার দিকে মাছের ঘেরে গিয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখতে পেয়ে ফিরে এসে পরিবারের সদস্যদের জানায়। এই খবর শুনে পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরে গিয়ে পানিতে নেমে খুঁজতে শুরু করে। কিছুক্ষন পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় তুলে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুই চাচাতো বোন সমবয়সী হওয়ায় তারা সব সময় এক সাথে খেলাধুলা করত। পরিবারের সদস্যদের অবহেলা ও অসচেতনতার কারনে এমন ঘটনা ঘটেছে। স্বজনদের আপত্তি না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



