স্থানীয় সংবাদ

শিশুদের বাজেট বরাদ্দ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় নজরুল ইসলাম মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক শিশুদের বাজেট বরাদ্দ বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আজ রবিবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে। বাজেট বরাদ্দে শিশুদের জন্য পৃথক কোন খাত না থাকলে শিশুদের জন্য অনেক সুযোগ রয়েছে এবং সেখানে বাজেট রাখা হয়েছে। বাজেটে কোথায় কোথায় শিশুদের জন্য সুযোগ রয়েছে সে বিষয়ে শিশুদের সচেতন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশু-কিশোদের জন্য প্রতি দুইটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও ফুটসাল বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের মোবাইল আসক্তি ও মাদক থেকে রক্ষা করার বড় ধরণের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিশুদের জন্য নতুন কুঁড়ি কর্মসূচি চালু করা হয়েছে। খুব দ্রুত এ সকল কার্যক্রম দৃশ্যমান হবে এবং এ সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য শিশুদের সম্পৃক্ত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে তিনি নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে লক্ষ্য রাখার জন্য শিশুদের প্রতি আহবান জানান। খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সুরভী বিশ^াস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম ও বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ও এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর বিউটি কুইন, কেসিসি ইয়ুথ ফোরামের সভাপতি মো: ফাহমিদ হাসান, সহসভাপতি আফরোজা আক্তার স্বর্ণালীসহ কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button