রূপসার বেলফুলিয়া হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি দু’জন!

#পুরাতন কমিটি বাতিল না করেই নতুন কমিটি গঠন #
# নতুন সভাপতি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাদীর ভাই#
স্টাফ রিপোর্টার ঃ রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দু’জন। একটি কমিটি বাতিল না করেই নতুন করে আরো একটি কমিটি গঠন করেছে শিক্ষা বোর্ড। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভও হতাশা বিরাজ করছে। গত ৩০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ ্এনামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। ওই আদেশে বলা হয়, খুলনা জেলার রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের লক্ষে গত ২৯ মার্চ ৩৭,১১,৪০৪১,০০,০০০১,২০.৭ নং স্মারক নাম্বারের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর (মাধ্যমিক অধীনে) সদস্য ও সদস্য সমন্বয়ে এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হলো। কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, শিক্ষক সদস্য সরদার মামুনুল হক, অভিভাবক সদস্য শেখ মোতাহের হোসেন ও সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক। এডহক কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তবে এ এডহক কমিটি অনুমোদন প্রসঙ্গের চিঠিতে সূত্র বলা হয়, প্রধান শিক্ষকের ১৪ মে অনলাইনে আবেদন (আইডি-৩৬৮৩১) প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়। কিন্তু আশ্চর্য়ের ব্যাপার হলো প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ঢালী ১৪মে পাঠানো চিঠিতে নতুন সভাপতি শেখ হাফিজুর রহমানের নাম ছিল না। প্রশ্ন হলো কে তার নাম প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছে। এ নিয়ে খোদ প্রধান শিক্ষক অবাক হয়েছেন। তিনি বলেন, একটি কমিটি চলমান রয়েছে। তার মেয়াদ শেষ না হতে কমিটি বাতিল করার কোন চিঠি না দিয়ে নতুন কমিটি কিভাবে অনুমোদন হলো তা বোধগম্য নয়। নতুন কমিটি স্বাক্ষরকারী বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ এনামুল কবীর বলেন, নতুন কমিটির সভাপতি হাফিজুর রহমানের নামের তালিকা কেউ পাঠায়নি। বোর্ডের চেয়ারম্যান ক্ষমতাবলে তাকে সভাপতি করেছেন। গত ১৪মে প্রধান শিক্ষক কর্তৃক বোর্ডে কমিটির পাঠানো তালিকা হলো সভাপতি হিসেবে শেখ আঃ রশিদ, শেখ আনিসুর রহমান, নাজমুস সাকিব, শিক্ষক সদস্য মামুনুল হক অভিভাবক সদস্য মোতাহের হোসেন। সে তালিকা মতে, গত ৭ জুন আঃ রশিদকে সভাপতি করে স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদও ছয় মাসের জন্য দেয়া হয়। সে মতে, মেয়াদ শেষ হওয়ার কথা হচ্ছে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই কোন আইনে কিভাবে কমিটি বাতিল না করে নতুন কমিটি গঠন করা হয়েছে-এ জিজ্ঞাসা স্কুলের অভিভাবক ও এলাকাবাসীর। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা। তিনি বলেন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আসামী করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ফ্যাসিস্ট সরকার ওই মামলার বাদী খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই ফ্যাসিবাদের দালাল ২০০৮ সালে দুদক সাবেক উপ-পরিচালক শেখ সাইদুর রহমান (রূপসার উপজেলার বাসিন্দা) বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই সাজানো মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাজা দেয়। মামলার বাদী হওয়ার কারণে সাইদুর রহমান আ’লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুবিধা ও ক্ষমতার অপব্যবহার করার সুযোগ পেয়েছেন। সেই সুযোগ ওই সময় কাজে লাগান শেখ হাফিজুর রহমান (নতুন কমিটির সভাপতি)। কারণ হাফিজুর রহমান তার ছোট ভাই। তিনি খুলনায় আ’লীগের সকল সুবিধা ভোগ করেছেন। তিনি ছিলেন আ’লীগের নিকট খুবই সমাদরের পাত্র। সেই আ’লীগের সুবিধাভোগী হাফিজুর রহমানকে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে করা হলো বেলফুলিয়া ইসলামিয়া স্কুলের সভাপতি। আর বঞ্চিত করা হলো রূপসা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রাজপথের লড়াকু জিয়া সৈনিক, বর্তমানে জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদকে। অবিলম্বে ফ্যাসিবাদ দিয়ে করা কমিটি বাতিল করে ত্যাগী নেতা আঃ রশিদের কমিটি বহালের দাবি জানিয়েছেন উজ্জল সাহা। অন্যথায় ত্যাগী বিএনপি নেতাকর্মী ও রূপসাবাসী নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলে তিনি সতর্ক করেন। এ ব্যাপারে যশোর বোর্ডের চেয়ারম্যানকে একাধিকবার মোবাইলে রিং করা হলেও তিনি রিসিভ করেননি।



