স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড় : নতুন করে বাড়ানো হলো আরও ৩০ বেড

শেখ মোঃ জাকির হোসেন, খুমেক প্রতিনিধি ঃ খুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নির্ধারিত বেডের পাশাপাশি মেঝেতেও জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১৫১ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৬৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৫ জন ডেঙ্গু রোগী।
হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতে নতুন করে আরও ৩০টি বেড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে নতুন ৩০টি বেড চালু হওয়ার কথা রয়েছে। যা ১৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা জানান তিনি। পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা কক্ষ। জরুরি বিভাগেও আপাতত অতিরিক্ত বেড বসিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব রেজা জানান, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর চাপ সামলাতে আরও ৩০টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনবল সংকট ও অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও খুলনার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও জানান, ৫০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকট থাকলেও সীমিত সক্ষমতার মধ্যেই রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button