সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন ও মিল্টনের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনার নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিলটনের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এইচ এম আলাউদ্দিন ও মিজানুর রহমান মিলটন খুলনার সাংবাদিক অঙ্গনের অত্যন্ত পরিচিত, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ দুই ব্যক্তিত্ব। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এই অসুস্থতা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, তিনি যেন আমাদের এই প্রিয় সহকর্মীদের দ্রুত শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। একইসঙ্গে, সাংবাদিক পরিবারের পক্ষ থেকে খুলনাবাসীসহ দেশবাসীর কাছে তাদের আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।



