স্থানীয় সংবাদ

সৌদি আরবে যুবককে আটক রেখে মুক্তিপণ দাবির অভিযোগে মামলা

যশোর ব্যুরো
যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের হাসানুর রহমানকে সৌদি আরব নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আদালতে করা অভিযোগ কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামিরা হচ্ছে, ঝিনাইদহের কালীগঞ্জের সিংহী গ্রামের মজিদ মুন্সির স্ত্রী আরজিনা বেগম, সদরের আরবপুর স্টিলনগর গ্রামের আতিকুর রহমান ও তার স্ত্রী অরুনা বেগম এবং জয়পুরহাটের বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মেসবাউল ইসলাম।
গত ২৪ সেপ্টেম্বর যশোর সদরের কিসমত এনায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী হাসানুর রহমানের স্ত্রী মেহনাজ আফরোজ বাদী হয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মেহনাজ আফরোজের আপন খালা আসামি আরজিনা বেগম। তার মাধ্যমে অপর আসামিদের সাথে হোয়াটস অ্যাপে তাদের পরিচয় হয়। হাসানুর রহমানকে বৈধভাবে সৌদি আরবে পাঠানোর কথা বলে আসামিরা ৭ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় রাজি হয়ে বিভিন্ন সময়ে আসামি মেসবাউল ইসলামের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসেবে ৪ লাখ ৭৯ হাজার টাকা এবং বাড়িতে সাক্ষীদের সামনে আরজিনা ও অরুনা বেগমের কাছে আরও ২ লাখ ২১ হাজার টাকা দেন। অভিযুক্ত আরজিনা ও অরুনা চলতি বছরের ৩ এপ্রিল বিকেলে হাসানুর রহমানকে বাড়ি থেকে নিয়ে যান। পরদিন ঢাকা থেকে বিমানযোগে তাকে সৌদি আরবে পাঠানো হয়। ৫ এপ্রিল রিয়াদ বিমানবন্দরে পৌঁছালে আসামি আতিকুর রহমান তাকে গ্রহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন। পরে ৮ এপ্রিল হাসানুরকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরের নাজরাই নামক স্থানের একটি বন্ধ ঘরে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তার পরিবারের কাছে।
আসামিদের সাথে কথা বলে হাসানুরকে দেশে ফেরত পাঠানোর আশ্বাসে গত ৩০ এপ্রিল আসামি মেজবাউলের হিসাবে ৩৫ হাজার টাকা এবং ৫ মে তারিখে আরজিনা ও অরুনাকে আরও ৩ লাখ টাকা দেয়া হয়। এরপরও হাসানুরকে দেশে ফেরত না পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় ওই চক্র।
এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করায় তিনি ট্রাইব্যুনালে এ মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন কোতোয়ালি থানার ওসিকে। আদালতের আদেশে অভিযোগটি গত বুধবার ৭ অক্টোবর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button