বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

প্রবাহ ডেস্ক
“শিশু বিয়ে আর নয় -কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আইসিটি অফিসার রেজাউল করিম, উপজেলা বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
পাইকগাছা
দিবসটি উপলক্ষে পাইকগাছায় সোমবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রভাষক মোঃ বজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব, রহিমা আক্তার শম্পা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন আহমেদ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন। বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তালা
দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-শহরে র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার সাবিহা নাসরিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান ও তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটির উপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেশবপুর
দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেশবপুর পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাকির হোসেন ও কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।



