খুলনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর যৌথ উদ্যোগে খুলনায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মুর্শেদ।
উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রচলিত পদ্ধতির সাংবাদিকতা যথেষ্ট নয়। সাংবাদিকদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষতা অর্জনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে। একই সঙ্গে গুজব, ডিপফেক ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল আয়ত্ত করা জরুরি। তারা আশা প্রকাশ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পিআইবির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ খুলনার সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় খুলনা জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান। প্রশিক্ষণে ব্যবহারিক সেশনের মাধ্যমে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ভুয়া খবর শনাক্ত করার আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণের প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এদিকে, আগামী ১৪ অক্টোবর বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন। উল্লেখ্য, একই বিষয়ে প্রশিক্ষণরত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন প্রতিনিধিসহ মোট ৭০ জনের মধ্যে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হবে।



