সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার : সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যু সম্রাট বাহিনীর হাতে জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (১১ অক্টোবর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের গভীরে পালিয়ে যায় দস্যুরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে অপহরণ করে জিম্মি করেন। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের নির্যাতন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় সম্রাট বাহিনীর অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান। পরে রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জিম্মি চার জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনে বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলদস্যুদের অপরাধমূলক কর্মকা- বন্ধে কাজ করছে কোস্ট গার্ড।



