খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রং মিস্ত্রি জখম

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কালাম শেখ। পুলিশের প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর পথরোধ করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



