জামায়াতের দুই নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলার দিঘলিয়ায় উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান এবং দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসান টুটুলের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হাসান ও সেক্রেটারি মুশফিকুর রহমান।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা রাজনৈতিক প্রতিহিংসাবশত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ কেবল গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের পরিপন্থীই নয়, বরং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্র।
নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। অন্যথায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।



