খুলনা বিএসটিআইয়ের পাইকগাছায় মোবাইল কোর্ট

# তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার পাইকগাছায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা বিভাগীয় অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া নির্ধারিত পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোÑপাইকগাছা পৌরসভার মোড়ে অবস্থিত মর্ডান বেকারি, একই এলাকার ফ্রেন্ডস কেক এবং হাসপাতাল রোডের বেকার্স লাইঞ্জ। অভিযান সূত্রে জানা যায়, মর্ডান বেকারিকে সিএম লাইসেন্স ছাড়া চানাচুর পণ্য উৎপাদন ও বিক্রয় এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ফ্রেন্ডস কেককে কেক পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য ১০ হাজার টাকা এবং বেকার্স লাইঞ্জকে ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনস্বার্থে পণ্যের মান নিশ্চিত করা এবং প্রযোজ্য মান ও লাইসেন্সসংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।



