স্থানীয় সংবাদ

খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার(৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপি নেতার মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেন শ্রমিকরা। তবে সভাপতিকে মুক্তি দেওয়া না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে মানিকতলা খাদ্য গুদামে সব ধরনের পণ্য ওঠানামা (লোড-আনলোড) বন্ধ রেখেছেন শ্রমিকরা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাদ্য গুদামের অভ্যন্তরে থাকা সাইলো থেকে দুই ট্রাক গম কোনো ইনভয়েস ছাড়াই গেট দিয়ে বের করার চেষ্টা করা হয়। এ সময় সাইলো কর্তৃপক্ষ ট্রাক দুটি আটক করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। পরে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা খাদ্য গুদাম থেকে গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত শুরু হলে ইউনিয়ন সভাপতি আরিফ হোসেনের নাম উঠে আসে। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, গম চুরির অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button