স্থানীয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত খুলনা

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর খুলনা সফরকে কেন্দ্র করে মহানগরী খুলনায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে বরাবরের মতো তোরণ, ব্যানার কিংবা প্লাকার্ড দিয়ে শহর ঢেকে ফেলার প্রথা ভেঙে এবার এক ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন দলটির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি। কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনই চলছে দফায় দফায় মিটিং, বর্ধিত সভা ও মতবিনিময়। নেতাদের মূল লক্ষ্য অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণ না করে পুরো পথজুড়ে ডিসিপ্লিন বা শৃঙ্খলার এক অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করা। সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রস্তুত খুলনা।
এদিকে, প্রধানমন্ত্রীর সম্মানে আজ বুধবার বেলা ১১ টায় খুলনা নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অপরদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে খুলনা মহানগরী। নগরীর সৌন্দর্যবর্ধন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলতে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাসংবলিত নানা রঙের চিত্রকর্ম।
আগামীকাল ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন। এসব চিত্রকর্মের মাধ্যমে নগরীর সাধারণ দেয়ালগুলোকে ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবিতে রূপ দেওয়া হয়েছে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। দেয়ালচিত্রের মাধ্যমে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হচ্ছে। সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ এ অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য নগরীর সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক, সেটিই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য দেখে আগত অতিথিরা মুগ্ধ হবেন এবং খুলনাবাসী নিজেদের শহর নিয়ে গর্ববোধ করবেন—এটাই তাঁদের লক্ষ্য।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে আগামী ৫ নভেম্বর খুলনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
তিনি বলেন, খেলাধুলাকে কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি শক্তিশালী জাতি গঠনের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নি¤œমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন-বিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের নৈপুণ্য উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ ও সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সফর উপলক্ষে যানবাহন রিকুইজিশন, বিশ্রামের ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে সকল প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন করা হয়েছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সম্মানে বুধবার বেলা ১১ নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button